১৮ বছর পর দেশে ফেরা গোয়ালন্দ যুবদলের সাবেক সভাপতি ফরিদকে সংবর্ধনা

১৮ বছর পর দেশে ফেরা গোয়ালন্দ যুবদলের সাবেক সভাপতি ফরিদকে সংবর্ধনা

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৮ বছর পর দেশের মাটি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফরিদ দেওয়ান। তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাটুরিয়া ঘাট হতে দৌলতদিয়ার ৩নং ঘাটে তাকে বহনকারী ফেরিটি ভিড়লে স্বাগত জানাতে যাওয়া কয়েক হাজার উপস্থিত নেতাকর্মীর স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

গোয়ালন্দের রাজনীতিতে গুরুত্বপূর্ণ চরিত্র ফরিদ দেওয়ান বিগত আওয়ামী লীগ সরকারের শুরুর দিকে বেশ কয়েকটি মামলার শিকার হয়ে লন্ডনের প্রবাস জীবনে চলে যান। তবে প্রবাস থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে নানাভাবে সম্পৃক্ত থাকেন।

ফেরিঘাটের শুভেচ্ছা বিনিময় শেষে সহস্রাধিক মোটরসাইকেল ও প্রাইভেটের একটি বিশাল বহর নিয়ে তিনি মহাসড়ক দিয়ে গোয়ালন্দ শহরে প্রবেশ করেন। পরে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভামঞ্চে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ফরিদ দেওয়ান।

সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা যুবদলের সভাপতি, ফরিদ দেওয়ানের ছোটভাই ফারুক দেওয়ান, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।

ফরিদ দেওয়ান তার বক্তব্যে বলেন, বহু বছর পর দেশে নিজের মাটি-মানুষের কাছে আসতে পেরে আমি আনন্দিত ও আপ্লুত। আমি রাজনীতির মানুষ। প্রিয় গোয়ালন্দের মানুষের কল্যাণে আবারও সক্রিয় রাজনীতিতে সম্পৃক্ত হতে চাই। দল চাইলে নির্বাচনও করতে আগ্রহী।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকার আমার বিরুদ্ধে খুন, নাশকতা সৃষ্টিসহ বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করতে চেয়েছিল কিন্তু পারেনি। সব মামলায় আমি জামিনে আছি। আশা করি আদালতে মামলাগুলো মিথ্যা প্রমাণিত হয়ে খারিজ হয়ে যাবে।

তিনি বলেন, প্রবাসে থাকলেও আমি গোয়ালন্দের মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছি। দল ও দলের নেতাকর্মীদের জন্য যথাসম্ভব কাজ করেছি।

মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, বিএনপি রাজনীতি করবেন আবার নানা ধরনের অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করবেন তা বরদাশত করা হবে না।

তিনি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।