অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো আফগানিস্তান
সংগৃহীত ছবি
চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। সেমিফাইনালের সমীকরণ মেলাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে আফগানরা। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে অজিদের ২৭৪ রানের লক্ষ্য দিয়েছে রশিদ-নবীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তান। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। এদিন ইনিংস বড় করতে পারেননি ইংলিশদের বিপক্ষে ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরানও।
অজিদের বিপক্ষে ২৮ বলে ২২ রান করেন তিনি। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন তিনে ব্যাট করতে নামা সাদিকুল্লাহ আতাল। ৬৪ বলে ফিফটি তুলে নেন তিনি। ২১ বলে ১২ রান করে তাকে সঙ্গ দেন রহমত শাহ।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে সেঞ্চুরি পথে ছুটতে থাকেন আতাল। কিন্তু ৩২তম ওভারে ১৫ রানের আক্ষেপ নিয়ে ফেরেন তিনি। ৯৫ বলে ৮৫ রান করেন এই ব্যাটার। এরপর দলের হাল ধরেন আজমতুল্লাহ ওমারজাই।
অপর প্রান্ত থেকে হাশমতুল্লাহ শাহীদি (২০), মোহাম্মদ নবী (১), গুলবাদিন নাইব (৪), রশিদ খান ১৯ রান করে আউট হন। কিন্তু নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৫৪ বলে ফিফটি তুলে নেন আজমতুল্লাহ। শেষ দিকে ৬৩ বলে ৬৭ রান করে আজমতুল্লাহ ও ৬ রান করে নুর আহমেদ আউট হলে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ২৭৩ রান তুলতে পারে আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন বেন ডোয়ার্শিস। এ ছাড়াও অ্যাডাম জাম্পা ও স্পেন্সর জনসন দুটি করে উইকেট শিকার করেন। আর একটি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল ও নাথান ইলিস।