কক্সবাজারে রেস্টুরেন্ট থেকে ১১ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার
ছবিঃ সংগৃহীত।
কক্সবাজার শহরে রেস্টুরেন্ট থেকে ১১টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বিশেষ অভিযানের মাধ্যমে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের একটি টিম এসব বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গাপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার সময় কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কক্সবাজারের কলাতলী এলাকার পানকৌড়ি রেস্টুরেন্ট থেকে ১১টি কচ্ছপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপগুলো কড়ি কাইট্টা প্রজাতির যা বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী রক্ষিত বন্যপ্রাণী।
যা কোনো অবস্থাতেই ধরা, শিকার, হত্যা, বিরক্ত, পরিবহন করা অথবা ব্যবসা করা যাবে না।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, পর্যটন শহরে সামুদ্রিক মাছের সাথে সাথে বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন প্রজাতির কচ্ছপও বিক্রি শুরু করেছে। বেশ কিছুদিন যাবত এই রেস্টুরেন্টকে অনুসরণ করে আসছিলাম। আজকে জানতে পারলাম কিছু বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির জন্য আনা হয়েছে।
তা জেনেই অভিযান চালিয়ে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। যারা এই কচ্ছপ সংগ্রহ করেছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বন ও বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।