রংপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

রংপুরে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের র‌্যালি

ছবিঃ সংগৃহিত।

রংপুরের গঙ্গাচড়ায় পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ মার্চ) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আয়োজনে র‌্যালিটি উপজেলা ডাকবাংলো থেকে বের হয়ে উপজেলার গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে।

র‌্যালিতে ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ ‘দিনের বেলা পানাহার, বন্ধ করো করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করো করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করে করতে হবে’, ‘বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, বন্ধ করো করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর জেলার সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল গনী, উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, সাউদ পাড়া বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রোকনউজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির তাজ উদ্দিন, সেক্রেটারি সাইফুল ইসলাম, বড়বিল ইউনিয়ন আমির সোহাগ রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক রায়হান সিরাজী বলেন, ‘আমরা বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের জন্য পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে এই র‌্যালি পর্যন্ত করতে পারি নাই। সেই র‌্যালি আজ করতে পেরে মহান রবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুল্লিাহ্। পবিত্র রমজান মাসে পবিত্রতা রক্ষার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সকল ধরনের অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করার ক্ষেত্রে আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। যত ধরনের হাউজি, জুয়া, লটারি এগুলো বন্ধ করার পদক্ষেপ নিতে হবে।’

তিনি আরও বলেন, ১৬ বছরের সিন্ডিকেটের বিষ দাঁত গুঁড়িয়ে দিতে হবে। রমজান মাস যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ক্রয় ক্ষমতার বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারের কাছে আহ্বান জানাই অতি দ্রুত সারা দেশের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য।