রাজধানীতে নির্মাণাধীন ভবনের ‘রুপস’ ছিঁড়ে শ্রমিক নিহত
প্রতিকি ছবি
রাজধানীর বসিলা ঘাটারচর এলাকায় নির্মাণাধীন ৭তলা ভবনের উপর থেকে ‘রুপস’ (নিচ থেকে মালামাল উপরে তোলার বাহন) ছিঁড়ে পড়ে রনি (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ডাইলের মিক্সচার মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
নিহত রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার লক্ষীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। বর্তমানে তিনি কেরানীগঞ্জের আটি বাজার এলাকায় বসবাস করতেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মীদের বরাতে জানা গেছে, ৭তলা নির্মাণাধীন ভবনে মালামাল তোলার জন্য ব্যবহৃত ‘রুপস’ (বাহন) হঠাৎ রশি ছিঁড়ে নিচে পড়ে। সে সময় মেশিনের পাশে দাঁড়িয়ে থাকা রনির ওপর সেটি পড়লে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সকাল ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুর রহমান ও সোহেল জানান, রনি প্রায় দুই বছর ধরে তাদের সঙ্গে এ কাজ করছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।