মুুন্সিগঞ্জে নসিমন উল্টে নিহত ১

মুুন্সিগঞ্জে নসিমন উল্টে নিহত ১

প্রতিকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইট বোঝাই ইঞ্জিনচালিত নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই মো. আরিফ (৩০) নামে নসিমনের হেলপার নিহত হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় লতব্দী-সিরাজদিখান সড়কের গয়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মধ্য দামুদর পুর গ্রামের আব্দুল মজিদ মিয়ার পুত্র।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, লতব্দীর গোডাউন বাজার থেকে ইট নিয়ে নসিমনটি সিরাজদিখান বাজারের দিকে যাচ্ছিল।গাড়িটি গয়াতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পরে যায়।

এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালকের সহকারী (হেলপার) আরিফ মারা যায়। পরে স্থানীয় লোকজন গাড়ির নিচ থেকে হেলপার আরিফের মরদেহ উদ্ধার করে। লাশ বর্তমানে থানায় আছে।

দুর্ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।