মাদারীপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই
ছবি : প্রতীকি
মাদারীপুরের শিবচরে আগুনে তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসময় আগুন নেভানোর চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তি আহত হয়েছেন।রোববার (২ মার্চ) রাত ৯টার দিকে শিবচর উপজেলার শিরুয়াইল বাজারে এ ঘটনা ঘটে।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বিষয়টি জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শিরুয়াইল বাজারে রোকন ফকিরের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই রোকন ফকিরের খাবারের হোটেল, মানিক দাসের সেলুন ও ইলিয়াস খালাসির মুরগির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ ঘটনায় ব্যবসায়ী রোকন ফকির দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।