৩২ জেলায় অতিভারী বর্ষণ, পাহাড়ধসের আশঙ্কা
ফাইল ছবি
দেশজুড়ে আবারও ঝড়বৃষ্টির তীব্রতা বাড়ার ইঙ্গিত মিলেছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা জানিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ।
শনিবার ২ মে দেওয়া সংস্থাটির সতর্কবার্তায় বলা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
এতে সাময়িক জলাবদ্ধতার পাশাপাশি পাহাড়ি এলাকায় ধসের ঘটনা ঘটতে পারে।
এদিকে একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও দমকা হাওয়া।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় এই পরিস্থিতি তৈরি হচ্ছে।
তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে