নরসিংদীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

নরসিংদীতে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

প্রতিকী ছবি

নরসিংদীর দুর্গম চরাঞ্চল রসুলপুরে বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের ভেতরে থাকা ৬ বছরের শিশু সুরাইয়া আগুনে পুড়ে মারা গেছে।

শুক্রবার (৭ মার্চ) সকালে দুর্গম চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল ৮টার দিকে বসতঘরটিতে শিশু সুরাইয়া ঘুমিয়ে ছিল। তখন ঘরে অন্য কেউ ছিল না। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বসতঘরটি ভস্মীভূত হয়ে পড়ে। তখন ঘরের মধ্যে সুরাইয়া চাপা পড়ে। বহু চেষ্টা চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। পরে আগুন নিভে গেলে শিশু সুরাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।

নরসিংদী সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. এমদাদ হোসেন জানিয়েছেন, বসতঘরে আগুন লেগে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।