মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে নারী আটক
সংগৃহীত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শুক্রবার (৭ মার্চ) সকালে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহল দল তাকে আটক করে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ফাতেমা বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের মনির হোসেনের স্ত্রী।
বিজিবি জানায়, ভোরে দুইজন ব্যক্তি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করলে ফাতেমা বেগম বিজিবির হাতে আটক হন বাংলাদেশে। তবে অপরজন মোবাইল ফোন ফেলে পালিয়ে যান।
জিজ্ঞাসাবাদে ফাতেমা জানান, এক বছর আগে তিনি চিকিৎসার জন্য ভারতের কাশ্মীরে যান। সেখান থেকে ফেরার পথে সীমান্তে আটক হন। তার স্বামী কাশ্মীরে ভাঙারির ব্যবসা করেন।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ ইমতিয়াজ জানান, ফাতেমার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।