গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
ফাইল ছবি
গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় অনুমোদনহীন পানীয় ও শিশুখাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বৈধ অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন, বাজারজাত এবং পণ্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন বা ভুয়া লোগো ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালেহুর রহমান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার অদূরে দুর্গম ও গহীন বারাব এলাকায় ‘ট্রিপলি এ ফুড অ্যান্ড বেভারেজ’ নামের প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সালেহুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির কোনো বৈধ অনুমোদন ছিল না। আকর্ষণীয় স্টিকারযুক্ত প্লাস্টিকের বোতলে পানি ভরে তা বিভিন্ন নামিদামি ও উন্নতমানের হোটেলে বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে অনুমোদনহীনভাবে শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। পণ্যের মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনহীন বা ভুয়া লোগো ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। এসব অনিয়মের কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে অবৈধ উৎপাদন কার্যক্রম বন্ধ করতে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাধারণত রাতের বেলায় উৎপাদন কার্যক্রম চালানোর কারণে আশপাশের মানুষের কাছে কারখানাটির প্রকৃত কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল না। বাইরে থেকে এটি সাধারণ একটি খাদ্য ও পানীয় উৎপাদন প্রতিষ্ঠান হিসেবে মনে হলেও অভিযান চালানোর পর সেখানে অনুমোদনহীনভাবে বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাতের বিষয়টি সামনে আসে।