যশোরে মহিলা দলের মানববন্ধনে বক্তারা- আ’লীগ আমলে ‘ধর্ষণ’ প্রকট আকার ধারণ করেছিল
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশুদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী মহিলা দল যশোর জেলা শাখা।
সোমবার (১০ মার্চ ) প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ নারী নির্যাতন দেশে নতুন কোন ঘটনা নয়। বিগত ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এটি প্রকট আকার ধারণ ও ব্যাপকতা লাভ করে। সেই সময়ে প্রতিটি নৃশংস ঘটনার সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসী জড়িত ছিল। সেদিন বিএনপি ছাড়া কেউ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। এমনকি ভুক্তভোগীরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রতিকার চেয়েও কোন প্রতিকার পায়নি। সেই সাথে আদালতের দীর্ঘসূত্রতার কারণে ভুক্তোভোগীরা বিচার না পেয়ে বিচারের আশা ছেড়ে দিয়েছেন।
জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফিরোজা মোস্তফা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার, যুগ্ম-সম্পাদক রাফাত আরা ডলি, উপদেষ্টা সালেহা বেগম, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী, নগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবিহা সুলতানা প্রমুখ। মাবনবন্ধন পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না।