রিয়েলমি, শাওমি ও টেকনোর নতুন ডিভাইস : ২২ হাজার টাকা থেকে শুরু
ছবি: সংগৃহীত
দেশের বাজারে একই সময়ে নতুন স্মার্টফোন ও ট্যাবলেট এনেছে রিয়েলমি, শাওমি ও টেকনো। নতুন এসব ডিভাইসের মধ্যে রিয়েলমি সি১০০এক্স ও শাওমি রেডমি ১৭ স্মার্টফোনে গুরুত্ব দেওয়া হয়েছে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, দ্রুত চার্জিং ও টেকসই ব্যবহারে। অন্যদিকে টেকনো মেগাপ্যাড ২ বড় পর্দা, এআই সুবিধা ও মাল্টিটাস্কিংকে সামনে রেখে তৈরি করা হয়েছে। দামও রাখা হয়েছে মধ্যম বাজেটের মধ্যে।
রিয়েলমি সি১০০এক্স
রিয়েলমি সি১০০এক্সে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ৪৫ ওয়াট দ্রুত চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা। রিয়েলমির দাবি, একবার পূর্ণ চার্জে ফোনটিতে সর্বোচ্চ ৬০ ঘণ্টা কল করা, ২১ ঘণ্টা ইউটিউব দেখা, ২৭ ঘণ্টা হোয়াটসঅ্যাপ ব্যবহার এবং ১৩ ঘণ্টা ফ্রি ফায়ার খেলা সম্ভব। স্ট্যান্ডবাই সময় পাওয়া যাবে সর্বোচ্চ ৮০৯ ঘণ্টা। ব্যাটারির স্বাস্থ্য সাত বছর পর্যন্ত ভালো রাখার সুবিধার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি প্লাস পর্দা। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি আছে ফ্লিকার–ফ্রি ডিসি ডিমিং। ৩০০ শতাংশ আল্ট্রাবুম শব্দব্যবস্থা থাকায় ভিডিও দেখা ও গেম খেলার সময় জোরালো শব্দ পাওয়া যাবে।
ছবি তোলার জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ফোনটিতে আইপি৬৪ মানের পানি ও ধুলা প্রতিরোধব্যবস্থা এবং আর্মরশেল সুরক্ষা দেওয়া হয়েছে। রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাকও।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার সংস্করণটির দাম ২১ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম ২৩ হাজার ৯৯৯ টাকা। ফোনটিতে ডায়নামিক র্যামের সুবিধাও রয়েছে।
শাওমি রেডমি ১৭
শাওমির নতুন রেডমি ১৭-তেও বড় ব্যাটারিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ৭ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। প্রতিষ্ঠানের দাবি, একবার পূর্ণ চার্জে এটি দুই দিনের বেশি সময় ব্যবহার করা যাবে। ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের মাধ্যমে ৪৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যায়।
রেডমি ১৭-তে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চির পর্দা, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পর্দার সুরক্ষায় ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই। ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৯১-আল্ট্রা প্রসেসর ও শাওমির হাইপারওএস ৩ অপারেটিং সিস্টেম রয়েছে।
ছবি তোলার জন্য ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ধুলা ও পানির ঝাপটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। ফোনটির পেছনে ডায়নামিক আরজিবি লাইটও দেওয়া হয়েছে।
৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সংস্করণের দাম ২২ হাজার ৯৯৯ টাকা। ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণের দাম ২৪ হাজার ৯৯৯ টাকা। ওক গ্রিন, ডিপ ব্লু ও ব্ল্যাক—এই তিন রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭।
টেকনো মেগাপ্যাড ২
স্মার্টফোনের পাশাপাশি একই দামের কাছাকাছি বাজেটে বড় পর্দার ট্যাবলেটও এনেছে টেকনো। মেগাপ্যাড ২-এ রয়েছে ১১ ইঞ্চির ২.৫কে আই-কেয়ার পর্দা। এর রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ফ্লিকার–ফ্রি প্রযুক্তির পাশাপাশি টিইউভি রাইনল্যান্ড সনদ পাওয়া লো ব্লু লাইট প্রযুক্তি থাকায় দীর্ঘ সময় পর্দা ব্যবহারের ক্ষেত্রে চোখের ওপর চাপ কমানোর লক্ষ্য রাখা হয়েছে।
৬ দশমিক ৬ মিলিমিটার পুরু ট্যাবলেটটির বডি তৈরি ধাতু দিয়ে। শব্দের জন্য রয়েছে চারটি স্টেরিও স্পিকার। ফলে ভিডিও দেখা, গান শোনা ও গেম খেলার ক্ষেত্রে বড় পর্দার সঙ্গে উন্নত শব্দের সুবিধা পাওয়া যাবে।
মেগাপ্যাড ২-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর। এতে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে র্যাম সর্বোচ্চ ১২ জিবি পর্যন্ত বাড়ানো যায়। ৮ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকায় দীর্ঘ সময় পড়াশোনা, কাজ বা বিনোদনে ব্যবহার করা যাবে।
ট্যাবলেটটির অন্যতম আকর্ষণ এআই সুবিধা। এআই স্ন্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই অনুবাদ, ছবি দেখে সমস্যা সমাধান ও এআই ড্রয়িং বোর্ডের মতো সুবিধা রয়েছে। পিসির মতো মাল্টি-উইন্ডো ব্যবস্থায় একই সময়ে একাধিক অ্যাপ চালানো যায়। প্রি-ইনস্টলড ডব্লিউপিএস অফিস দিয়ে নথি ও উপস্থাপনা তৈরির সুবিধাও রয়েছে।
ভিডিও কল ও নথি স্ক্যানের জন্য সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। টেকনোর অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযোগের জন্য রয়েছে ওয়ানলিপ ইকোসিস্টেম সুবিধা।
মেগাপ্যাড ২-এর দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা। ভ্যাট প্রযোজ্য। দেশের অনুমোদিত টেকনো আউটলেট ও খুচরা বিক্রয়কেন্দ্রে ট্যাবলেটটি পাওয়া যাচ্ছে।
ব্যাটারি নাকি বড় পর্দা
দাম বিবেচনায় রিয়েলমি সি১০০এক্স ও রেডমি ১৭ কাছাকাছি শ্রেণির ফোন। দুটিতেই বড় ব্যাটারি, ৪৫ ওয়াট দ্রুত চার্জিং, ১২০ হার্টজ পর্দা এবং আইপি৬৪ সুরক্ষা রয়েছে। তবে ব্যাটারির আকারে এগিয়ে রিয়েলমি সি১০০এক্স। অন্যদিকে রেডমি ১৭-তে রয়েছে গরিলা গ্লাস ৭আই ও হাইপারওএস ৩।
যাদের পড়াশোনা, অফিসের কাজ, অনলাইন ক্লাস, নথি তৈরি ও বিনোদনের জন্য বড় পর্দার ডিভাইস প্রয়োজন, তাদের জন্য টেকনো মেগাপ্যাড ২ আলাদা ধরনের সুবিধা দিচ্ছে। বড় পর্দা, পিসি-ধাঁচের মাল্টিটাস্কিং ও এআই ফিচারের সমন্বয়ে এটি মূলত স্মার্টফোনের বিকল্প নয়, বরং কাজ ও বিনোদনের জন্য বড় পর্দার সহযোগী ডিভাইস হিসেবে অবস্থান করছে।
সব মিলিয়ে, নতুন তিন ডিভাইসের মধ্যে রিয়েলমি সি১০০এক্স ও রেডমি ১৭ মূলত দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও দৈনন্দিন ব্যবহারের ওপর জোর দিয়েছে। আর টেকনো মেগাপ্যাড ২-এর মূল আকর্ষণ বড় পর্দা, এআই ও উৎপাদনশীলতার সুবিধা।