দর্শনায় বোমা উদ্ধারের ঘটনায় নাশকতা মামলা, গ্রেফতার ৩
সংগৃহীত
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু চিনিকলসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে বোমা উদ্ধারের ঘটনায় নাশকতা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) ভোরে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন— দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের সেরিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন লিপন (৩৫), একই গ্রামের মিরাজুল ইসলামের ছেলে রানা মণ্ডল (৩৭) এবং দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার আব্বাস আলীর ছেলে ইউনুস আলী (৩৫)।
পুলিশের তথ্য অনুযায়ী, দর্শনা কেরু চিনিকল এলাকা, পার্শ্ববর্তী আকন্দবাড়িয়া, ঈশ্বরচন্দ্রপুরসহ মোট পাঁচটি স্থানে ১৪টি বোমা রেখে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হচ্ছিল। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে বিশেষ অভিযানের মাধ্যমে শনিবার ভোরে তিনজনকে গ্রেফতার করা হয়।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ তিতুমীর জানান, গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বলেন, বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।