বাংলাদেশ তোমাকে মনে রাখবে কারিনা: ফারুকী
অভিনেত্রী কারিনা কায়সার ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।। ফাইল ছবি।
লিভার সংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর গতকাল শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।
কারিনা কায়সারের অকাল প্রয়াণে সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, নির্মাতা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই মেধাবী অভিনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে কারিনার একটা ছবি দিয়ে লিখেছেন, যখন মানুষের পাশে দাঁড়ানোর ডাক আসছিলো তুমি নির্দ্বিধায় দাঁড়াইছিলা, কারিনা। বাংলাদেশ তোমাকে মনে রাখবে।
তিনি আরও লিখেছেন, আর আমি মনে রাখবো তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। তোমার সাথে করা কাজ ৩৬-২৪-৩৬-য়ের কারণে। তুমি যেদিন প্রথম আমাদের বাসায় আসো সেদিন তুমি আমার আর তিশার সাথে ছবি তুলতে চাইছিলা। বলছিলা আমাদের ফ্যান তুমি। আমরা বলছিলাম, আমরা তোমার ফ্যান। তুমি লজ্জা পেয়ে হাসতেছিলা। মানুষ মরে গেলে নাকি সব সত্য দেখতে পায়। এখন নিশ্চয়ই তুমি বিশ্বাস করছো আমরা তোমার অনেক বড় ফ্যান ছিলাম। অনেক অনেক কথা মনে পড়ছে।
শেষে ফারুকী লিখেছেন, ‘আল্লাহ, তোমাকে বেহেশত নসিব করুক, কারিনা। এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত তা না, মৃত্যুতে উল্লাস করবার জন্যও বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস, মাই সিস্টার!’
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট নির্মাণের মাধ্যমে তরুণ দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা। কেবল কনটেন্ট ক্রিয়েটর হিসেবেই নয়, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্ম ও নাটকেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও চলচ্চিত্র ‘৩৬-২৪-৩৬’।