অবশেষে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন

অবশেষে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান স্ত্রীসহ বিদেশ যাওয়ার অনুমতি পেলেন

ছবিঃ সংগৃহীত

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমের বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ সোমবার (১৭ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

জানা গেছে, চিকিৎসা ও ওমরাহ হজ পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও তার মেয়ে জেরীন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতির আদেশ দেন। 

গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত। আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।