‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী
ছবিঃ সংগৃহীত।
তরুণদের উদ্ভাবনী ভাবনা, প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও উদ্যোক্তা সম্ভাবনাকে এগিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আয়োজন শুরু হয়।
এদিন সকাল ১০টা ৫ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এটি দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা তারেক রহমান। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান।
আয়োজনে দেশের স্টার্টআপ খাতের বর্তমান চিত্র তুলে ধরতে তথ্যচিত্র প্রদর্শন, সফল উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মুক্ত আলোচনা এবং নির্বাচিত স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়ার আয়োজন রয়েছে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হচ্ছে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম। উদ্যোক্তাদের জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটি একটি কেন্দ্রীয় তথ্য ও সেবা ব্যবস্থাপনা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা সম্পর্কে এক জায়গা থেকেই তথ্য পাবেন।
সংশ্লিষ্টরা বলছেন, এই প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে দেশের স্টার্টআপ কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং নতুন উদ্যোক্তাদের জন্য সহায়তা পাওয়ার পথ আরও সহজ হবে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, তরুণদের নতুন ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়া, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এসব উদ্যোগের আওতায় উদ্যোক্তাদের ধারণা তৈরির পর্যায় থেকে শুরু করে প্রশিক্ষণ, অনুদান, অর্থায়ন, বিনিয়োগ সংযোগ ও ব্যবসা সম্প্রসারণ পর্যন্ত সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন প্রজন্মের উদ্যোক্তা তৈরি এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সম্ভাবনাময় স্টার্টআপগুলোর জন্য ৫০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং অনুষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান বক্তব্য দেবেন।
উদ্বোধনী পর্ব শেষে দুপুর ১টা থেকে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।