বিএনপি সুবিধাবাদ-জিন্দাবাদে বিশ্বাসী
ফাইল ছবি।
বিএনপি সুবিধাবাদ-জিন্দাবাদে বিশ্বাসী বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয়। রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র কোনো কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন। আর সুবিধাবাদী-দুনীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে।
বুধবার (০২ ডিসেম্বর) সকালে চার লেনের দ্বিতীয় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা, বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে, জাতি তা জানতে চায়?
তিনি আরও বলেন, মহামারির প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপি প্রশংসিত হচ্ছে । কিন্তু এই দুঃসময়ে বিএনপি কোন ভূমিকা না রেখে শুধু বক্তৃতা- বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।
সেতুমন্ত্রী বলেন, সরকারের কোনো ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরও দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিলো।
আ’লীগ সম্পাদক বলেন, বিএনপি ভেবেছিলো মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে।
ওবায়দুল কাদের বলেন, এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপি’র এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।
মন্ত্রী বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটি গুরুত্ব অনেক বেশি। তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন জরুরি।
মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়কাংশ পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন।
সড়ক পরিবহন মন্ত্রী এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়ক সমূহের সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতার ওপরও জোর দেন।
তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
ভার্চুয়াল প্লাটফর্মে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।