হাঁচি দিলেন, কিন্তু কেউ ‘ইয়ারহামুকাল্লাহ’ বলল না-কী করবেন?

হাঁচি দিলেন, কিন্তু কেউ ‘ইয়ারহামুকাল্লাহ’ বলল না-কী করবেন?

ফাইল ছবি

ইসলামে হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলা একটি সুন্দর আদব। কেউ ‘ইয়ারহামুকাল্লাহ’ বললে হাঁচিদাতা তার জবাবে ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ বলবেন। কিন্তু হাঁচি দেওয়ার পর ‘আলহামদুলিল্লাহ’ বলার পরও কেউ যদি ‘ইয়ারহামুকাল্লাহ’ না বলেন, তখন হাঁচিদাতার কী করণীয়?

এ ক্ষেত্রে হাঁচিদাতার আলাদা করে কিছু বলার নেই। তিনি নিজে থেকে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলবেন না কিংবা তার পরের দোয়াটিও পড়বেন না। কারণ ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ বলার বিষয়টি ‘ইয়ারহামুকাল্লাহ’ শোনার পরের আমল।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘তোমাদের কেউ হাঁচি দিলে সে যেন আলহামদুলিল্লাহ বলে। সে যখন আলহামদুলিল্লাহ বলবে, তখন তার ভাই অথবা সঙ্গী যেন তাকে ইয়ারহামুকাল্লাহ বলে। আর যখন তাকে ইয়ারহামুকাল্লাহ বলা হবে, তখন সে যেন বলে, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম।’ (সহিহ বুখারি: ৬২২৪)

অর্থাৎ হাঁচির পর হাঁচিদাতা ‘আলহামদুলিল্লাহ’ বলবেন। এরপর শ্রোতা ‘ইয়ারহামুকাল্লাহ’ বললে হাঁচিদাতা তার জবাবে ‘ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম’ বলবেন। তাই কেউ ‘ইয়ারহামুকাল্লাহ’ না বললে হাঁচিদাতার পক্ষ থেকে পরের দোয়াটি বলার প্রয়োজন নেই।

‘আলহামদুলিল্লাহ’ না বললে কী হবে?

হাঁচি দেওয়ার পর কেউ ‘আলহামদুলিল্লাহ’ না বললে তার জন্য ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা হবে না। আবু মুসা আশআরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘তোমাদের কেউ হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে তোমরা তার জন্য দোয়া করবে। আর যদি সে আলহামদুলিল্লাহ না বলে, তাহলে তার জন্য দোয়া করবে না।’ (সহিহ মুসলিম: ২৯৯২)

এর একটি বাস্তব উদাহরণও হাদিসে রয়েছে। একবার দুই ব্যক্তি রাসুল (স.)-এর সামনে হাঁচি দিলে তিনি একজনের জবাব দেন, অন্যজনের জবাব দেননি। কারণ প্রথম ব্যক্তি ‘আলহামদুলিল্লাহ’ বলেছিলেন, অন্যজন বলেননি। (সহিহ বুখারি: ৬২২৫)

বারবার হাঁচি দিলে কী করবেন?

একই ব্যক্তি বারবার হাঁচি দিলে প্রতিবার ‘ইয়ারহামুকাল্লাহ’ বলতে হবে না। আবু হুরায়রা (রা.) সূত্রে বর্ণিত, তিনি বলেন, ‘তোমার ভাইয়ের হাঁচির উত্তর তিনবার দিবে। এরপরও হাঁচি দিতে থাকলে তবে তার মস্তিষ্কে ঠান্ডা লেগেছে (তাই জবাব দিতে হবে না)।’ (সুনান আবু দাউদ: ৫০৩৪)

তাই তিনবারের বেশি হাঁচি হলে ‘ইয়ারহামুকাল্লাহ’ না বলে তার সুস্থতার জন্য সাধারণভাবে দোয়া করা যেতে পারে। তবে এটিকে নির্দিষ্ট হাদিসের দোয়া হিসেবে উল্লেখ করার প্রয়োজন নেই।

হাঁচির মতো স্বাভাবিক একটি বিষয়েও ইসলাম মানুষের মধ্যে দোয়া, সৌহার্দ্য ও পারস্পরিক কল্যাণের শিক্ষা দিয়েছে। তাই হাঁচি দিলে ‘আলহামদুলিল্লাহ’ বলা এবং তা শুনে যথাযথ জবাব দেওয়া মুসলিমের সুন্দর আদব।