ইংল্যান্ডে নিলামে উঠছে ৮০০ বছরের পুরনো আংটি
ছবিঃ সংগৃহীত।
ইংল্যান্ডের নরফোক অঞ্চলের বাসিন্দা মার্ক সেল, এক সময় দমকলকর্মী হিসেবে কাজ করেছিলেন। মার্ক সেলের গুপ্তধন ভাগ্য বেশ ভালোই বলতে হয়। এক অভিযানে শুধু স্বর্ণই খুঁজে পাননি, বরং মধ্যযুগে বিশপরা ব্যবহার করতেন এমন একটি আংটি আবিষ্কার করেছিলেন। অ্যান্টিক ও ঐতিহাসিক স্মারক হিসেবে ৮০০ বছরের বেশি পুরনো এ অলঙ্কারের রয়েছে বিশেষ মূল্য। ২০১৯ সালের নভেম্বরে নরফোকের শিপডহামে বিরল এ গহনা খুঁজে পান মার্ক সেল, যা সংযুক্ত রত্নপাথরসহ একেবারে অক্ষত অবস্থায় ছিল।
স্বর্ণের তৈরি আংটির মাঝে একটি ছয় কোণবিশিষ্ট নীলকান্তমণি বা স্যাফায়ার রয়েছে, যার চারপাশে দুটি পান্না বা এমেরাল্ড ও দুটি গার্নেট পাথর বসানো রয়েছে বলে জানিয়েছেন মার্ক সেল। এটি কিছুদিন মানব ইতিহাস, সংস্কৃতি ও শিল্পকলাবিষয়ক ব্রিটিশ মিউজিয়ামে প্রদর্শিত হয়েছিল। লন্ডনের নুনানস মে ফেয়ার নিলামঘরে চলতি মাসের শেষ দিকে এ আংটি নিলামে তোলা হবে। নুনানস নিলামঘরের গহনা বিশেষজ্ঞ লরা স্মিথের ব্যাখ্যা অনুসারে, আংটিটির নকশা ও ঐতিহাসিক প্রেক্ষাপট ইঙ্গিত দেয় যে এর মালিক ছিলেন সম্ভবত ১২ বা ১৩ শতকের কোনো এক বিশপ।
২৬ মার্চ অনুষ্ঠেয় নিলামে এর দাম ১৯-২৩ হাজার ডলারের মধ্যে উঠতে পারে। নিলাম থেকে প্রাপ্ত লভ্যাংশ মার্ক সেল ও যে জমিতে আংটি পাওয়া গেছে তার মালিক ভাগ করে নেবেন বলে জানা গেছে। নিলামঘরের একজন প্রতিনিধি জানিয়েছেন, নরউইচ ক্যাসল মিউজিয়াম এরই মধ্যে আংটিটি স্থায়ীভাবে সংগ্রহে রাখতে আগ্রহ প্রকাশ করেছে। নরউইচের এ জাদুঘর মূলত মধ্যযুগীয় রাজকীয় দুর্গ ছিল, যা বর্তমানে একটি শিল্পকলা গ্যালারি হিসেবে ব্যবহার হচ্ছে এবং এতে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পকর্ম, প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও প্রাকৃতিক ইতিহাসসংক্রান্ত নিদর্শন সংরক্ষিত রয়েছে।