আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল; পরিচ্ছন্ন পরিবেশের অনন্য নজির

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল; পরিচ্ছন্ন পরিবেশের অনন্য নজির

ছবি: প্রতিনিধি

মো: রবিউল হক: ময়লা-আবর্জনামুক্ত, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে দেশের চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালটি পরিচ্ছন্নতা রক্ষায় কঠোর নীতি অনুসরণ করায় রোগীদের জন্য স্বাস্থ্যকর ও সংক্রমণমুক্ত পরিবেশ নিশ্চিত করছে।

এই হাসপাতালের অন্যতম বিশেষত্ব হলো সু-ফ্রী পলিসি (জুতা খুলে প্রবেশ) হাসপাতালে প্রবেশের আগে সবাইকে জুতা খুলতে হয়। ফলে বাইরের ধুলো-ময়লা ও জীবাণু ভেতরে আসার সুযোগ পায় না। পুরো হাসপাতালজুড়ে অ্যাপোক্সি পেইন্টের মসৃণ ফ্লোর ব্যবহার করা হয়েছে, যা সহজেই পরিষ্কার করা যায় এবং জীবাণু বিস্তার রোধ করে।

পরিচ্ছন্নতা বজায় রাখতে এখানে রয়েছে ১১৬ জন পরিচ্ছন্নতাকর্মী। প্রতিটি ফ্লোরে আলাদা সুপারভাইজার রয়েছেন। যারা নিরবচ্ছিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করেন। হাসপাতালের প্রতিটি ওয়ার্ড, করিডোর ও ওটি (অপারেশন থিয়েটার) আধুনিক ও উন্নত ক্লিনিং উপকরণ দিয়ে নিয়মিত পরিষ্কার করা হয়।

এছাড়া, হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা নিজেদের কাজের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সচেতন থাকেন। নিয়মিত তদারকি ও মাননিয়ন্ত্রণের ফলে রোগীরা নিরাপদ ও সংক্রমণমুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন।

মো: শাহজাহান নামে জনৈক রোগীর অভিভাবক বলেন, "আমি দেশে অনেক হাসপাতাল দেখেছি, কিন্তু আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচ্ছন্নতা সত্যিই অসাধারণ। এখানে আসলেই বোঝা যায়, হাসপাতাল এরকম পরিষ্কার থাকা উচিত!"

পরিচ্ছন্নতার ক্ষেত্রে এই হাসপাতালের উদ্যোগ বাংলাদেশের অন্যান্য চিকিৎসা প্রতিষ্ঠানের জন্য একটি উদাহরণ হতে পারে। স্বাস্থ্যসেবার পাশাপাশি এমন পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের সুস্থ হয়ে ওঠার পথ আরও সহজ করে তুলছে বলেও মন্তব্য করেন তিনি।

শুধু হাসপাতাল নয়, আশপাশের পরিবেশেও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত কাজ করছে কর্তৃপক্ষ। হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া মুক্তেশ্বরী নদী আদ্-দ্বীনের উদ্যোগে পরিস্কার রাখা হয়েছে। নদীর উপর থাকা পুলেরহাট ব্রিজ ও তার আশপাশে তারের বেড়া স্থাপন করা হয়েছে, যাতে কেউ নদীতে ময়লা-আবর্জনা ফেলতে না পারে। ফলে নদীর পানির একপাশে আদ্-দ্বীনের পরিচ্ছন্ন উদ্যোগের ছাপ স্পষ্ট। যেখানে যশোর-বেনাপোল মহাসড়কের পুলেরহাট সংলগ্ন ব্রীজের উত্তরে নদীর পানি অনেক বেশি দূষিত।

নদীর জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য আদ্-দ্বীন বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মুক্তেশ্বরী নদীতে অবমুক্ত করেছে, যা পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখছে এবং সামগ্রিক পরিবেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে।

হাসপাতালসংলগ্ন রাস্তাগুলো প্রতিদিন পরিষ্কার করা হয় এবং সেগুলোতে লাগানো হয়েছে বিভিন্ন ফুল ও ফলের গাছ। ফলে এখানে প্রবেশ করলেই রোগী ও দর্শনার্থীদের চোখে পড়ে এক মনোরম পরিবেশ, যা স্বাচ্ছন্দ্যের অনুভূতি এনে দেয়। রোগীরা শুধু চিকিৎসা নয়, পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশের মধ্যেও স্বস্তি পান।

কবিরুল ইসলাম নামে একজন দর্শনার্থী বলেন, "হাসপাতাল মানেই যেখানে দূষণ ও বিশৃঙ্খলা দেখা যায়, সেখানে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল একদম ব্যতিক্রম। এখানে প্রবেশ করলেই মনটা প্রশান্তিতে ভরে যায়।"

পরিচ্ছন্নতা, স্বাস্থ্যকর পরিবেশ এবং নদী সংরক্ষণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।