পথশিশুদের নিয়ে ইউনিস্যাবের ঈদ উৎসব
সংগৃহীত
ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে নতুন পোশাক, আর পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত। কিন্তু অনেক শিশুর কাছে এ আনন্দ অধরাই থেকে যায়।
এ বাস্তবতায় ইউনাইটেড নেশনস ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব) আয়োজন করেছে পথশিশুদের জন্য ঈদ উৎসব-২০২৫। শনিবার ঢাকার ওয়াশপুরের আটিবাজার, গার্ডেন সিটিতে এ উৎসব হয়।
উৎসবে একশোরও বেশি পথশিশু অংশ নেয়। নতুন পোশাক, গল্পের সুর ও রঙের মাধুর্যে তারা আনন্দে উদযাপন করেছে রঙিন দিন। মজার কার্যক্রম গল্প বলা, মেহেদি দেওয়া, ছবি আঁকা আর নিজ হাতে ঈদ কার্ড তৈরি করার মতো নানা সৃজনশীল কাজে শিশুরা অংশ নেয়।
এদিন শুধু শিশুদের জন্য নয়, ইউনিস্যাবের স্বেচ্ছাসেবকদের জন্যও ছিল এক বিশেষ অভিজ্ঞতা। ভালোবাসা আর আন্তরিকতা দিয়ে তারা পথশিশুদের দিনটি আনন্দময় করে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিস্যাবের সদস্যরা, অ্যালামনাই, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা।