ডাকাতিয়া নদীতে নৌকা দুর্ঘটনায় শিশু নিখোঁজ, আটক ২

ডাকাতিয়া নদীতে নৌকা দুর্ঘটনায় শিশু নিখোঁজ, আটক ২

ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরের কয়লার ঘাট এলাকার ডাকাতিয়া নদীতে একটি মর্মান্তিক নৌ দুর্ঘটনা ঘটেছে। রোববার এ দুর্ঘটনায় নিরব নামে এক শিশু ডাকাতিয়া নদীতে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 

সোমবার (২৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি একে এম এস ইকবাল।

আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার চর কৃষ্ণগঞ্জ মোল্লারচর গ্রামের মোহাম্মদ নাজমুল (২০)ও মোহাম্মদ নয়ন (২৪)। 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়লার ঘাট এলাকার জাহাঙ্গীর কাজীর ছেলে নিরব (৯) নদীতে গোসল করার সময় একটি বেপরোয়া গতির ইঞ্জিনচালিত নৌকার ধাক্কায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় এবং ডাকাতিয়া নদীতে ডুবে নিখোঁজ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ নৌকাটিকে ধাওয়া করে এবং চালকসহ দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। 

শিশু নিরব নিখোঁজের পরপরই নৌ পুলিশ, কোস্ট গার্ড, সিভিল ডিফেন্স ও নদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধারের জন্য অভিযান শুরু করে।

চাঁদপুর নৌ থানার ওসি একে এম এস ইকবাল বলেন, দুপুরে কয়লাঘাট ডাকাতিয়া নদীতে নিরবসহ কয়েকজন গোসল করতে নামে। এ সময় তারা নদীর একপাশ থেকে সাঁতার কেটে অন্যপাশে যাওয়ার সময় ইঞ্জিনচালিত নৌকার পাখার মধ্যে নিরব আঘাত পেয়ে নিখোঁজ হন। এ ঘটনায় নৌকার দুই মাঝিকে আটক করা হয়। এ বিষয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।