বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

সংগৃহীত

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ প্ল্যান্ট পরিদর্শন করেছেন। এ সময় বগুড়ায় একটি নতুন ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা দেন তিনি।

বুধবার (১৭ জুন) বিকেলে বগুড়া শহরের ঠনঠনিয়ায় অবস্থিত প্ল্যান্ট পরিদর্শনকালে এ ঘোষণা দেন। পরে তিনি কারখানার শ্রমিক-কর্মচারীদের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এর আগে প্রতিষ্ঠানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক বগুড়ায় এসে বিভিন্ন প্ল্যান্ট পরিদর্শন করার পাশাপাশি মতবিনিময় সভায় বক্তব্য দেন।

দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন— ঢাকার পরিচালক (অপারেশন) জাহাঙ্গীর আলম, কোম্পানির সচিব, বগুড়া প্ল্যান্ট প্রধান ও ডিজিএম (প্ল্যান্ট) সুভাষ চন্দ্র বর্মন, প্রোডাকশন ম্যানেজার ফজলুল হক ও উপব্যবস্থাপক (প্রশাসন) মাসুদুর রহমান খান। মতবিনিময় সভায় সিবিএ বা শ্রমিক ইউনিয়নের নেতারাও বক্তব্য দেন।

ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুজ্জামান প্রস্তাবিত ভ্যাকসিন প্ল্যান্টের জন্য নির্ধারিত জায়গাটি সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, সরকার বিদেশ থেকে আর কোনো ভ্যাকসিন আমদানি করতে চায় না। দেশের মানুষের চাহিদা পুরোপুরি মেটাতে দেশেই নিজস্ব ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।