জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক
ছবিঃ সংগৃহীত
সিলেট সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য- চিনি, মাল্টা, কিসমিস, বাসমতি চালসহ কসমেটিক আটক করা হয়েছে।
সম্প্রতি জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদ গ্রাম এলাকায় পৃথক দুটি অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম।
সেনা সূত্রে জানা যায়, জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প এ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর লামাশ্যামপুর ও হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস, ২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশী ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল আটক করা হয়। অভিযান কালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পুলিশের টিম লামা শ্যামপুর এলাকায় অভিযানে অংশ নেয়। আটক হওয়া পণ্যসমূহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। এ সময় আটক হওয়া পণ্যের মধ্যে ২ হাজার কেজি চিনি গোয়াইনঘাট থানায় ও ৫ হাজার তিনশত কেজি বাসমতি চাল ও প্রায় ৩ হাজার কেজি চিনি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও আটককৃত বাকি পন্য সামগ্রি সিলেট ব্যাটালিন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সরকার আটককৃত পণ্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, উক্ত ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।