সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদের নামাজ আদায়

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহে ঈদের নামাজ আদায়

সংগৃহীত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঝিনাইদহের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। জেলার হরিণাকুন্ডু পৌরসভার বল ফিল্ডের সামনেসহ চারটি স্থানে রোববার (৩০ মার্চ) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। 

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এমন ধারা গত ২৪ বছর ধরে চলে আসছে। এ সময় ঈদ জামাতের ইমামতি করেন মো. রেজাউল ইসলাম।

হরিণাকুন্ডু পৌরসভার বলফিল্ডের সামনে ভালকি, নিত্যনন্দনপুর, কালীগঞ্জের বারোবাজার ও সদর উপজেলার একটি অংশের মুসল্লিরা পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালনের বিষয়ে তাদের নিজস্ব বিশ্বাস রয়েছে।

মুসল্লি আরিফ বিল্লাহ বলেন, আমরা সৌদি আরবের সময় অনুসরণ করি এবং সেভাবেই রোজা ও ঈদ উদযাপন করি। এতে আমাদের ধর্মীয় অনুভূতিতে শান্তি আসে।

এদিকে, জেলার মূলধারার অন্যান্য মুসল্লিরা চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উদযাপন করবেন সোমবার। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগেই ঈদ উদযাপন করা ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি এলাকাবাসীর সম্মান ও সহমর্মিতা রয়েছে বলে জানা গেছে।