যমুনার চরাঞ্চলে আগুনে পুড়ল ৩ দোকান
ছবি : প্রতীকি
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরাঞ্চলের শাহজালাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত তিনটার দিকে উপজেলার কাজলা ইউনিয়নের এই বাজারে আগুন লাগে।
জানা গেছে, রাত ৩টার দিকে আগুন লাগার পর এলাকাবাসী তা টের পেয়ে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাজারের মেসার্স জিহান ফার্মেসি, মেসার্স খাতের আলী এন্টারপ্রাইজ (ওয়েল্ডিং মেশিনের দোকান) এবং একটি চা দোকানের সব মালামাল পুড়ে গেছে।
জিহান ফার্মেসির স্বত্বাধিকারী ডা. মোতালেব হোসেন বলেন, ‘আগুনে পুড়ে আমার ব্যবসার সমস্ত পুঁজি শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।'
ওয়েল্ডিং দোকান খাতের আলী এন্টারপ্রাইজের মালিক খাতের আলী বলেন, ‘প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে যাই। গভীর রাতে খবর পাই, আগুনে দোকানের সবকিছু পুড়ে গেছে।'
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সুজন মাহমুদ বলেন, ‘দুর্গম চরাঞ্চল হওয়ায় আমাদের কাছে এ বিষয়ে কোনো খবর আসেনি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থলে খোঁজখবর নেওয়া হবে।’