কলারোয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কলারোয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিকী ছবি

সাতক্ষীরার কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে আপন চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে ছোট দুই ভাইয়ের ছুরিকাঘাত ও মারপিটে মেজ ভাই নিহত ও বড় ভাই গুরুতর আহত হয়েছে। শনিবার উপজেলার বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ছোট দুই ভাইকে গ্রেফতার করেছে।

নিহতের নাম মোশারফ হোসেন সরদার (৪৮)।তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে।

গুরুতর আহত বড় ভাইয়ের নাম আবুল হোসেন (৫৫)। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত ফজর আলী সরদারের ছেলে আছারপ হোসেন (৩৫) ও সোহরাব হোসেন (৩২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের একটি খালে আবুল হোসেন ও মোশারফ হোসেন মাছ ধরতে গেলে তাদের ছোট দুই ভাই আছারপ হোসেন ও সোহরাব হোসেন তাদের বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চার ভাই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় আছারপ ও সোহরাব বড় দুই ভাইকে মারপিট করার একপর্যায়ে মোশারফ হোসেনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় আবুল হোসেন।

তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছোট ভাই আছারপ হোসেন ও সোহরাব হোসেনকে গ্রেফতার করে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফীন বলেন, নিহতের ঘটনায় ঘাতক ছোট দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন।