ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে জামায়াত ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে জামায়াত ইসলামী আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।

৭ এপ্রিল সোমবার বিকেলে শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা জামায়াতের দপ্তর সম্পাদক নুর-ই আলা নুর মামুন, শহর জামায়াতের আমীর অধ্যাপক শামসুজ্জামান, নায়েবে আমীর মাস্টার ইসমাইল হোসেন ও ইসলামী ছাত্রশিবিরের শহর শাখা সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাইকপট্ট্রি, চিত্রামোড়, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে বিশাল মিছিলটি শেষ হয়। কয়েক হাজার নেতা কর্মী মিছিলে অংশ গ্রহণ করে গগন বিদারী ¯েøাগান তোলেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ৫০ হাজার মানুষ হত্যা করে চরম বর্বরতার পরিচয় দিয়েছে ইসরাইলী বাহিনী। সেখানে নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।
জাতিসংঘ এবং ওআইসির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, এসব সংগঠন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো তাহলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর তাদের সন্ত্রাসী তৎপরতা চালাতে পারতো না। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের বড় ঘাতক এবং সন্ত্রাসী উল্লেখ করে গাজায় গণহত্যার ঘটনায় ধিক্কার জানান নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, মুসলিম উম্মাহকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী ইসরাইলী জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকান্ড থেকে নিবৃত করতে হবে। সমাবেশ থেকে ইসরাইলী সমস্ত পন্য বয়কটের আহবান জানানো হয়।  
এদিকে একই ইস্যুতে জজকোর্ট মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যশোর প্রেসক্লাবের সামনে প্যালেস্টাইন সংহতি কমিটি এবং আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) যশোর পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।