ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে সাংবাদিকদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি : ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে যশোরে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।  এসময় তারা ফিলিস্তিনি নিরীহ মানুষদের রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে ৮ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনদের উপর চালানো নারকীয় হত্যাযজ্ঞে মুসলমানদের হৃদয় রক্তাক্ত করেছে। সেখানে চলমান হামলা একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিকতা বন্ধে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনিদের রক্ষায় মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ ইসরাইলের উৎপাদিত পণ্য আমদানি ও তা বিক্রি বন্ধের আহ্বান জানান। একইসাথে বাংলাদেশের পাসপোর্ট এক্সেপ্ট ঈসরাইল শব্দটি পুনঃ সংযোজনের দাবি জানানো হয়।

মানববন্ধন জেলা বিএনপির সভাপতি ও পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, লেখক গবেষক বেনজীন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর, মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, এম আইউব, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, তৌহিদ জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রাজিব মাহমুদ, শিক্ষার্থী আজমিরা প্রমুখ বক্তব্য প্রদান করেন।