বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল, ৩৬ টাকা দরে ধান কিনবে সরকার

বোরো মৌসুমে ৪৯ টাকায় চাল, ৩৬ টাকা দরে ধান কিনবে সরকার

ছবিঃ সংগৃহীত

আসন্ন বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৩ লাখ টন ধান ও ১৪ লাখ টন সেদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। এতে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ৩৬ টাকা আর সেদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ দাম গত বছরের তুলনায় ৪ টাকা বেশি। আগামী ২৪ এপ্রিল থেকে ধান-চাল কেনা শুরু হবে, সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

বুধবার (৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘একই সঙ্গে ৩৬ টাকা কেজি দরে গম কিনবে সরকার।’

গম কী পরিমাণ সংগ্রহ করা হবে, সে বিষয়ে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যতটুকু পাওয়া যাবে, ততটুকুই সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা।

আলী ইমাম মজুমদার বলেন, ‘কৃষি মন্ত্রণালয় যে উৎপাদন খরচ দিয়েছে, তার সঙ্গে লাভ যুক্ত করে ধান ও চালের দাম নির্ধারণ করা হয়েছে।’ তিনি বলেন, ‘হাওরে ধান কাটা শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে এটা পুরোদমে শুরু হবে। কৃষি উপদেষ্টা ধান কাটা কর্মসূচির উদ্বোধন করবেন। ২৪ এপ্রিল থেকে ধান-চাল সংগ্রহ শুরু হবে। আর উত্তরবঙ্গে একটু দেরিতে শুরু হবে।’

গত বছর বোরোতে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চালসহ ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। প্রতি কেজি বোরো ধান ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা এবং আতপ চাল ৪৪ টাকা কেজি দরে কেনে সরকার।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ধারাবাহিকভাবে বন্যা ও অতিবৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও সার ও চাল আমদানি করে সরকার মোটামুটি বাজার স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে।’ 

এ সময়ে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ করা হয়েছে আশা করছি তার চেয়ে বেশি উৎপাদন হবে। মাঠের পরিস্থিতি দেখে এটি মনে হচ্ছে।’

আগামীকাল বৃহস্পতিবার সুনামগঞ্জে ধান কাটা উৎসব উদ্বোধন করতে যাবেন বলেও এ সময় জানান কৃষি উপদেষ্টা।