‘মার্চ ফর গাজা’ : ঘোষণাপত্র পাঠ করলেন মাহমুদুর রহমান
ছবি: প্রতীকী
ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। সমাবেশে মূল ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ অংশ নেন।
ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন অবিলম্বে বন্ধের জোর দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত সাধারণ মানুষ বারবার স্লোগান তোলেন-‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’ রোদে পুড়ে, ঘামে ভিজে, গলা ফাটিয়ে তারা জানান দেন-এই যুদ্ধ শুধু ফিলিস্তিনের নয়, মানবতার।
গণজমায়েতে যোগ দিতে নেত্রকোনা থেকে ভোর চারটার দিকে রওনা দেন ডিসি জামে মসজিদের ইমাম মুফতি বোরহান উদ্দিন। টিএসসি চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘মানুষ হিসেবে, মুসলিম হিসেবে আজ ফিলিস্তিনের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমরা রাষ্ট্রের পক্ষ থেকেও জোরালো ভূমিকা দেখতে চাই।’
ঢাকার আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কানিজ কায়সার নিশা বলেন, ‘গাজায় যে গণহত্যা চলছে, তার প্রতিবাদ জানাতেই এখানে এসেছি। একজন মুসলিম হিসেবে এই সমাবেশে অংশগ্রহণ করা আমার কর্তব্য মনে হয়েছে।’
সমাবেশ শেষে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য মোনাজাত পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক।
সমাবেশে অংশ নেওয়া মানুষজন গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনকে ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ বলে উল্লেখ করেন। তারা বলেন, এ অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত।
সমাবেশে বক্তারা বাংলাদেশের পক্ষ থেকেও ফিলিস্তিন ইস্যুতে আরও দৃঢ় ও জোরালো কূটনৈতিক অবস্থানের দাবি জানান। তারা বলেন, শুধু সহানুভূতি নয়, এখন সময় কার্যকর অবস্থান গ্রহণের।