ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করা হচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী আজ ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় রাজউক বাস্তবায়িত ঝিলমিল আবাসিক প্রকল্প পরিদর্শনকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেক বছর এ প্রকল্পের আশানুরূপ অগ্রগতি ছিল না। ঝিলমিল আবাসিক প্রকল্প অভ্যন্তরে থানা, স্কুল, হাসপাতাল ও ইটিপি সেন্টার নির্মাণের কাজ চলমান আছে। অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কাজ দ্রুত শুরু হবে। এই প্রকল্প এলাকা আলোকিত করার জন্য স্ট্রিট লাইট ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

মন্ত্রী ঝিলমিল প্রকল্পে নির্মাণাধীন স্কুল, হাসপাতাল, থানা ভবন এলাকা ঘুরে দেখেন। প্রকল্পের সাইট অফিসে প্রকল্প পরিচালক মো: আমিনুর রহমান এই প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। এ সময় ঝিলমিল সোসাইটির কোষাধ্যক্ষ মো: মোশারফ হোসেন সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম ও রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।