মার্চ ফর গাজা’য় আসার পথে দুর্ঘটনার কবলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

মার্চ ফর গাজা’য় আসার পথে দুর্ঘটনার কবলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় “মার্চ ফর গাজা কর্মসূচিতে” যাওয়ার পথে টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতিসহ দলটির ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১২ এপ্রিল) সকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সবাই জামালপুরেরর মাদারগঞ্জ উপজেলার ইসলামী আন্দোলনের নেতাকর্মী। আহতদের মধ্যে ইসলামী আন্দোলন মাদারগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা সফিকুল ইসলাম রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য মাদারগঞ্জ উপজেলা থেকে একটি মাইক্রোবাসে ইসলামী আন্দোলনের একটি দল যাত্রা শুরু করে। নেতাকর্মীদের বহনকারী মাইক্রোবাসটি টাঙ্গাইলের ধনবাড়ী বানিয়াজং বাসস্ট্যান্ডে এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংর্ঘষ হয়। এতে ইসলামী আন্দোলনের মাইক্রোবাসটির ১২ জন যাত্রী আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ১১ জনকে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত এক জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল্লাহ বলেন, “দুর্ঘটনার কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে একজন গুরুত্বর আহত রয়েছেন।”