যশোরে নানা আয়োজনে বাংলা বর্ষবরণ; আনন্দ শোভাযাত্রায় প্রাণের উচ্ছ্বাস
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে যশোরে উদযাপিত হল বাংলা বর্ষবরণের নানা অনুষ্ঠান। বর্ণিল আয়োজনে বরণ করে নেওয়া হচ্ছে নতুন বঙ্গাব্দ ১৪৩২ কে। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি লালন এবং তা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেন অনুষ্ঠানের আয়োজকরা। আনন্দ শোভাযাত্রায় চোখে পড়লো প্রাণের উচ্ছ্বাস।
বর্ষবরণ উপলক্ষে সকাল থেকে শুরু হয়েছে নানা কর্মসূচি। অনুষ্ঠান মঞ্চ থেকে বৈশাখি সাজ, এমনকি আপ্যায়ন সব কিছুতে রয়েছে বিশেষ বৈচিত্র। সকাল ৬টা ৩১ মিনিটে টাউনহল মাঠের রওশন আলী মঞ্চে বর্ষবরণের আয়োজন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বর্ষবরণে শোভাযাত্রা বের করে জমায়েত হয় যশোর কালেক্টরেট চত্বরে। সেখান থেকে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সকল সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য সংগঠনের সম্মিলিত আনন্দ শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী মানুষ নৃত্য-গীতের মাধ্যমে অংশ নেন। উপস্থিত ছিলেন যশোরে আনন্দ শোভাযাত্রার স্রষ্টা চিত্রশিল্পী মাহবুব জামাল শামীম। তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধিনা প্রদান করা হয়।
বর্ষবরণের আনন্দ শোভাযাত্রাটি কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় চারুপীঠসহ বিভিন্ন সংগঠনের ছিল নান্দনিক অংশগ্রহণ।
অধিকাংশ সংগঠনের সকালের আয়োজন সাড়ে ১০ টার মধ্যে শেষ হলেও সংগঠন আঙিনা ও অনুষ্ঠানস্থলে চলছে মিষ্টি মুখের আয়োজন। পারষ্পরিক শুভেচ্ছা জ্ঞাপন আর নির্মল আড্ডায় বেলা কাটছে সকলের। সবার কণ্ঠেই অনুরণিত হয়েছে পুরানো মলিনতাকে ভুলে গিয়ে নতুনের জয়গানে সুখ আর সমৃদ্ধি কামনা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও সাড়ম্বরে আয়োজন করা হয় বর্ষবরণ অনুষ্ঠান।