সাতক্ষীরার রাসায়নিক মেশানো গোবিন্দভোগ আম জব্দ

সাতক্ষীরার রাসায়নিক মেশানো গোবিন্দভোগ আম জব্দ

ছবিঃ সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক মেশানো ২৮ ক্যারেট অপরিপক্ক গোবিন্দভোগ আম ঢাকায় পাঠানোর প্রস্তুতিকালে জব্দ করা হয়েছে।

এ সময় আম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব আম পরিপক্ক হওয়ার আগে রাসায়নিক মিশিয়ে কৃত্রিমভাবে পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। প্রশাসনের নজর এড়িয়ে রাতের আঁধারে তারা এ কাজ করছে বলে অভিযোগ রয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার মৌতলা বাজার সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস বলেন, “নির্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ক আম পেড়ে কৃত্রিমভাবে পাকিয়ে বিক্রির উদ্দেশ্যে ট্রাকযোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।”

তিনি বলেন, “এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার বাজারগ্রাম এলাকার নুরুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক ও অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

এদিন অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।