চাঁদা না দেওয়ায় খামার কর্মচারীকে কুপিয়ে জখম
প্রতিকী ছবি।
ঝিনাইদহের শৈলকুপায় চাঁদা না দেওয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় আলম শেখকে শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামে বসবাস করতেন।
স্থানীয়রা সূত্রে জানা যায়, পার কাচেরকোল গ্রামের হাজী শওকত এর গরু ফার্মে কাজ করতেন আলম শেখ। সম্প্রতি ফার্মের মালিককে স্থানীয় কিছু সন্ত্রাসীরা মোটা অংকের চাঁদা ধরে। চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গরু ফার্মের ম্যানেজার আলম শেখের ওপর দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহত আলম শেখ জানান, দীর্ঘদিন ধরে গরু ফার্মের মালিক শহীদকে কিছু চাঁদাবাজ চাঁদার দাবিতে হুমকি-ধামকি দিয়ে আসছিল। ফার্মের মালিক দেশের বাইরে থাকায় চাঁদা না পেয়ে তারা ফার্মে উৎপাত চালিয়ে আসছিল। রবিবার সন্ধ্যায় বাড়ি ফেরার উদ্দেশে ফার্ম থেকে বের হন তিনি। এসময় পেছন থেকে এসে কাঁচেরকোল গ্রামের ইসমাইল, শাহিদ, হৃদয়সহ বেশ কয়েকজন তার ওপর দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে।
হামলাকারী চাঁদাবাজরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সালিস ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলে জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।