ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপি কর্মীর মৃত্যু

ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে বিএনপি কর্মীর মৃত্যু

প্রতিকী ছবি।

কক্সবাজারের মহেশখালীতে রাজনীতি নিয়ে কথা কাটাকাটির জের ধরে রশিদ আহমেদ (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

অমিত ইকবাল নামের এক ছাত্রলীগ নেতার লাঠির আঘাতে তার মুত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত রশিদ আহমেদ উত্তর নলবিলার বাসিন্দা। তিনি কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড বিএনপির সহসভাপতি। আর অমিত ইকবাল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কালারমারছড়া ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

সোমবার (১৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, “কালারমারছড়ায় রশিদ নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।”

প্রত্যক্ষদর্শী স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সোমবার দুপুরের দিকে কালারমারছরা ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামে রাস্তার পাশে তাস খেলছিলেন অমিত ও তার বন্ধুরা। এসময় রশিদ পাশ দিয়ে যাওয়ার সময় বিএনপির রাজনীতি নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন অমিত। এক পর্যায়ে কথা-কাটাকাটি শুরু হলে ক্ষিপ্ত হয়ে অমিত লাঠি দিয়ে রশিদকে আঘাত করেন।

আহত অবস্থায় রশিদকে উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে পরে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রশিদ আহমেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা অমিতের বাড়ি ঘেরাও করে তার ভাই কামরুলকে আটক করে মহেশখালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এই ঘটনার পর অমিত এখনও পলাতক রয়েছেন।