সংস্কার না করে, নির্বাচন নয়- অধ্যাপক মুজিবুর রহমান
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সংস্কার না করে নির্বাচন নয়। আমরা আগে সংস্কার, পরে নির্বাচন।
সংস্কার না হলে যদি নির্বাচন হয় তাহলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকারের করা নির্বাচনের মত নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষের কল্যাণে আসবেনা। তাই প্রত্যেকের উচিত রাজপথে থেকে আন্দোলন করে আগে সংস্কার, পরে নির্বাচনের দাবি করা।
শনিবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাবেক এমপি ও নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী একটি গুরুত্বপূর্ণ শক্তি। জামায়াত যে আদর্শকে ধারণ করে, তা বাস্তবায়নের জন্য জনশক্তিরা টার্গেট করে পরিকল্পিতভাবে কাজ করে। প্রত্যেক জনশক্তিকে মানবসম্পদে পরিণত করে রাষ্ট্রের সকল সেক্টরে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে। তার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। পতিত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলেছিলো। শিক্ষা ব্যবস্থায় রান্না খাওয়া ছাড়া অন্য কোন ব্যবস্থা ছিল না। তাই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারলে আমরা জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় পরিষদের সদস্য মোঃ মোবারক হোসেন, সাবেক ঢাবি সিনেট সদস্য ঢাবি অধ্যাপক এ বি এম ফজলুল করিম, জেলা আমির ও বাংলাদেশ আদর্শ শিক্ষা ফেডারেশনের জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক গোলাম রসুল, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাসসহ নেতৃবৃন্দ।
সভার সভাপতিত্বে করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজা ।