গিলেস্পির বকেয়া পরিশোধ না করার অভিযোগ নিয়ে যা বলছে পিসিবি
ফাইল ফটো
পাকিস্তানের ক্রিকেটে যত বিতর্ক আছে সেসবেরই একটি জেসন গিলেস্পিকে নিয়ে। অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটারকে প্রধান কোচ করেছিল ম্যান ইন গ্রিনদের ক্রিকেট বোর্ড। তবে বাবর আজমদের কোচ হিসেবে খুব বেশি দিন কাজ করতে পারেননি গিলেস্পি। মেয়াদ শেষ করার আগেই হুট করে ইস্তফা দেন তিনি। এদিকে পিসিবির বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন, তার প্রাপ্য টাকা বুঝিয়ে দেয়নি সংস্থাটি।
তবে গিলেস্পির এমন অভিযোগ নাকচ করে দিয়েছে পিসিবি। উল্টো গিলেস্পির বিরুদ্ধেই চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ এনেছে পিসিবি।
এক সাক্ষাৎকারে পিসিবির বিরুদ্ধে প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ করেছেন গিলেসপি। তিনি বলেছেন, ‘‘বিস্তারিত বলতে চাই না। এখনও অপেক্ষা করছি। পারিশ্রমিক বাবদ কিছু টাকা এখনও পাওনা রয়েছে আমার। যে টাকা আমার প্রাপ্য হয়, তার একটা অংশ পাব। এটা হতাশাজনক। আশা করি খুব দেরি হওয়ার আগেই বিষয়টার নিষ্পত্তি হয়ে যাবে।’’
এদিকে এ অভিযোগ নিয়ে পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রাক্তন কোচের দাবি প্রত্যাখ্যান করছে। কারণ, তিনি চুক্তি অনুযায়ী চার মাসের নোটিস না দিয়ে হঠাৎ দায়িত্ব ছেড়ে দেন। যা পরিষ্কার একতরফা চুক্তিভঙ্গ। চুক্তিতে স্পষ্ট বলা ছিল, দু’পক্ষকেই চার মাসের নোটিস দিতে হবে দায়িত্ব ছাড়ার বা সরিয়ে দেওয়ার ক্ষেত্রে। কোচও বিষয়টি জানতেন।’’
গিলেপ্সিকে ২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে লাল বলের ক্রিকেটের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছিল পিসিবি। তবে মাত্র ৮ মাস দায়িত্ব পালনের পরই পদত্যাগ করেন তিনি।