হিলিতে খাদ্যবান্ধব কর্মসূচির সাড়ে ৫ টন চাল জব্দ
ছবি : সংগৃহীত
দিনাজপুরের হিলিতে নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর প্রায় সাড়ে ৫ টন চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে হিলির আলীহাট ইউনিয়নের মনসাপুর বাজারের পাশে আবুল কালাম মাস্টারের ধানভাঙা মিল থেকে এই চালগুলো জব্দ করা হয়। জব্দকৃত চালগুলো বর্তমানে উপজেলা খাদ্যগুদামে রাখা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস এর বেশকিছু চাল একটি মিলে মজুত করে রাখা হয়েছে এমন গোপন সংবাদ পাই। সেই সংবাদের ভিত্তিতে পুলিশ ও খাদ্য বিভাগের লোকজনসহ সেই মিলে অভিযান চালানো হয়। এসময় মিলের ভেতর হতে ১৮০ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। যার ওজন ৫ হাজার ৪০০ কেজি, সেই সঙ্গে ১০৪টি খালি বস্তা পাওয়া যায়। তবে সেখানে মজুতকৃত চালের কোন মালিক কে পাওয়া যায়নি। এই চালগুলি বিতরণের পর এইভাবে এখানে সরকারি বস্তায় মজুত রাখা সম্পূর্ণ বেআইনি ও অবৈধ।
এ বিষয়ে নিয়মিত মামলাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।