র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে টপকে গেল আয়ারল্যান্ড
ফাইল ছবি
আইসিসি থেকে প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি দলের বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিক ব্যর্থতার কারণে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে জ্যোতি বাহিনী। বাংলাদেশকে টপকে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।
শুক্রবার (২ মে) আইসিসির প্রকাশিত মেয়েদের টি-টোয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এই র্যাঙ্কিংয়ে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর ৫০ শতাংশ এবং এরপর থেকে খেলা ম্যাচগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়। এই সময় বাংলাদেশ নারী দল ৯টি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে, যার মধ্যে একমাত্র পাকিস্তানের বিপক্ষে জয় পায় টাইগ্রেসরা। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ম্যাচে ড্র করেছে। বাকি ৭ সিরিজেই পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশের মেয়েরা।
গত বছর ডিসেম্বরে ঘরের মাঠে আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এবং চলতি বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে একই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়া ঘটনাগুলো র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনমনের পেছনে বড় কারণ হিসেবে মনে করা হচ্ছে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান তাদের নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। বাংলাদেশকে পিছনে ফলে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড। শীর্ষ পনেরোর মধ্যে থাকা দলগুলো হলো থাইল্যান্ড (১১), স্কটল্যান্ড (১২), পাপুয়া নিউগিনি (১৩), জিম্বাবুয়ে (১৪) ও নেদারল্যান্ডস (১৫)।