সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ ও এনায়েতপুর বিএনপির ১ নেতার পদ স্থগিত করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে এসব সিদ্ধান্ত জানানো হয় বলে নিশ্চিত করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ।

দলীয় পদ স্থগিত হওয়া নেতারা হলেন- উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান বাব, পৌর বিএনপির সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সাবেক সদস্য সচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু ও এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার। 

অপরদিকে যাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তারা হলেন- উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল ও পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোকন।