ধানমন্ডি লেক থেকে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্য গ্রেফতার
ছবি : প্রতীকি
রাজধানীর ধানমন্ডির লেক এলাকা থেকে প্রায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় পুলিশ তদন্ত করতে গিয়ে একটি চোর চক্রের সন্ধান পেয়েছে। যাদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সৈকত হোসেন (২০), হুমায়ুন (২৯) ও আনোয়ার হোসেন ওরফে বাবু (২৬)। এসময় তাদের কাছ থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কুমিল্লা, লাকসাম, নোয়াখালীর সোনাইমুড়ি ও বেগমগঞ্জ থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালায় ধানমন্ডি থানা পুলিশ। পরে তাদেরকে গ্রেফতারসহ চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শনিবার (০৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান।
ধানমন্ডি মডেল থানা সূত্র জানায়, গত ১ মে রাত আটটার দিকে ইফাজ আহমেদ নামে এক ব্যক্তি তার সুজুকি জিক্সার-১৫০ সিসি (লাল-কালো রঙের) মোটরসাইকেলটি ধানমন্ডি লেক সংলগ্ন ৭/এ রোডের পার্কিংয়ে রেখে কাছের একটি চায়ের দোকানে যান। রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ফিরে এসে তিনি দেখেন তার মোটরসাইকেলটি সেই স্থানে নেই। তিনি তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানা পুলিশকে বিষয়টি জানান।
থানা সূত্র আরও জানায়, ঘটনাটি পুলিশের নজরে আসলে ধানমন্ডি থানার একটি টিম অভিযানে বের হয়। এরপর কুমিল্লা জেলার সদর দক্ষিণ, লাকসাম এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ি ও বেগমগঞ্জ এলাকায় ধারাবাহিক অভিযান চালান তারা। অভিযানে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয় এবং ইফাজ আহমেদের চুরি যাওয়া মোটরসাইকেলসহ আরও চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
থানা পুলিশ বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে কুমিল্লা, নোয়াখালী, চাটখিলসহ বিভিন্ন এলাকায় তাদের সহযোগীদের মাধ্যমে বিক্রি করে আসছিল। ইফাজ আহমেদের অভিযোগের প্রেক্ষিতে ধানমন্ডি মডেল থানায় গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন