বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে মেয়র লিটনের এপিএস গ্রেপ্তার

বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে মেয়র লিটনের এপিএস গ্রেপ্তার

প্রতিকী ছবি

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস আব্দুল ওয়াহেদ খান টিটুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম। 

বদলগাছী থানা পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল ওয়াহেদ খান টিটু পালিয়ে বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়ে আছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরী ইউনিয়ন বিএনপির একটি ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত নেতা এবং নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতির দায়িত্বে রয়েছেন। 

গ্রেপ্তার আব্দুল ওয়াহেদ টিটু (৪০) রাজশাহী মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস ছিলেন। 

 

এ বিষয়ে বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি টিটু বদলগাছীর চাকরাইল গ্রামের একটি বাড়িতে লুকিয়ে আছেন। সে বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আদালতে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।