যশোরের শার্শায় ক্রসিংয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ, আহত ২

যশোরের শার্শায় ক্রসিংয়ে সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষ, আহত ২

ছবি: সংগৃহিত

যশোর প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ ক্রসিংয়ে খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছে।

১১ মে , রোববার বিকেলে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের রেলক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি এসে ধাক্কা মারে। এসময় যেখানে গেটম্যান বা সতর্কতা সংকেত দেয়ার মত কেউ ছিল না।

এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ ফায়ার সার্ভিস ও রেল কর্মীরা উপস্থিত হন। তারা যান চলাচল স্বাভাবিক  করার চেষ্টা করেন।

এ বিষয়ে স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে। ট্রেনের ইঞ্জিনের কাজ চলমান রয়েছে ।