বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে গেছে প্লাস্টিক পণ্যের ট্রাক

বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে গেছে প্লাস্টিক পণ্যের ট্রাক

ফাইল ছবি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতে রফতানির জন্য আনা প্রাণ-আরএফএলের গ্রুপের এক ট্রাক প্লাস্টিক পণ্য আটকে গেছে। এই ট্রাকটিতে প্রায় পাঁচ লাখ ৪৭ হাজার টাকার পিভিসি দরজা ছিল। 

রোববার (১৮ মে) বিকেলে ট্রাকটি ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছিল। তবে বন্দরে ভুটান থেকে পাথর আমদানি এবং ভারত ও নেপালে অন্যান্য পণ্য রফতানি স্বাভাবিক আছে।

স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মো. সুমন আল মামুন বলেন, ‘ভারতে রফতানির জন্য আমাদের মাধ্যমে গতকাল সন্ধ্যায় এক ট্রাক আরএফএল পিভিসি ডোর বন্দরে এসেছিল। আজ এসব পণ্য ভারতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওপারে আমদানি বিধি-নিষেধের কারণে ক্লিয়ারেন্স পাওয়া যায়নি।

বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক ও ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আজ বেলা ৩টা পর্যন্ত ভুটান থেকে বন্দরে ১৮৭ ট্রাক পাথর আমদানি হয়েছে। এছাড়া ১০ ট্রাক কটন র‍্যাগস (ঝুট) এবং ৯ ট্রাক পলিস্টার পেট গ্রানিউলস (প্লাস্টিক দানা) ভারতে রফতানি হয়েছে। পাশাপাশি ১৮ ট্রাক আলু, ১৪ ট্রাক পাট, চার ট্রাক কোমল পানীয় ও একটি ট্রাকে বৈদ্যুতিক পাখা নেপালে রফতানি হয়েছে।