নড়াইলে বিএনপি নেতার গাড়িবহরে হামলা, আহত ১৫
সংগৃহীত
নড়াইলের কালিয়ায় উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়িবহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ নেতা-কর্মী আহতের খবর পাওয়া গেছে।
ঘটনার পর রোববার (১৮ মে) রাতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনের আয়োজন করে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এর আগে এ দিন দুপুরে ঢাকা থেকে কালিয়ার বেন্দারচর এলাকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যাওয়ার সময় উপজেলার যোগানিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলায় ভাঙচুর করা হয় অন্তত ৪০টি মোটরসাইকেল এবং আগুন ধরিয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেলে। তখন আহত হন ১৫ জন নেতা-কর্মী। আহতদের মধ্যে বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের নির্দেশে তার ভাইসহ সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, 'তারেক রহমানের নেতৃত্বে দলের ভাবমূর্তি রক্ষায় এই হামলার নেপথ্যে থাকা নেতার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি।' পাশাপাশি তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তবে নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এ অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে জানান, তিনি ঘটনার সময় ঢাকায় ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তিনি বা তার ভাইয়েরা কোনোভাবেই জড়িত নন।
এ বিষয়ে নড়াইল জেলা পুলিশের পরিদর্শক মীর শরিফুল হক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে।