আমিরাতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতলেও পরের ম্যাচেই হেরে বসে বাংলাদেশ। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (২১ মে) সিরিজ নির্ধারণী ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করছে সফরকারীরা। ব্যাটিংয়ে নেমে রীতিমতো ধুঁকছে টাইগার ব্যাটাররা। দলের খাতায় ৫৭ রান যোগ হতেই নেই ৫ উইকেট।
আমিরাতের বিপক্ষে শুরুতে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। পরে একটি ম্যাচ যোগ হয়। ১-১ সমতা থাকার কারণে তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় সিরিজ নির্ধারণী।
শারজাহ স্টেডিয়ামে এ দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ব্যাটাররা। পাওয়ার প্লে-র ৬ ওভারে স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করতেই টপ-অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বসে সফরকারীরা।
শুরু থেকেই আসা যাওয়ার মিছিলে যোগ দেন টাইগার ব্যাটাররা। তবে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন আগের ম্যাচের হাফ-সেঞ্চুরিয়ান ওপেনার তানজিদ হাসান তামিম। এ দিনও বড় স্কোরের দিকেই এগোচ্ছিলেন বাঁহাতি এই ব্যাটার। তবে শেষ পর্যন্ত ১৮ বলে ৪০ রান করেই বিদায় নিতে হয় তাকে।
সিরিজের প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন এ দিন গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। অধিনায়ক লিটন দাসও বড় করতে পারেননি তার ইনিংস। ১০ বলে ১৪ রান করেই বিদায় নেন তিনি। আগের ম্যাচে ঝোড়ো ব্যাটিং করা তাওহীদ হৃদয় আজ ফিরেছেন শূন্য রান করে। মাহেদী হাসান ফেরেন ৯ বলে ২ রান করে।
স্কোরবোর্ডে ৫৭ রান জমা করতেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে দলের হাল ধরেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটওয়ারী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছেন জাকের ও শামীম।