পাঁচ মাসে স্পেন পৌঁছানোর চেষ্টায় প্রাণ গেছে ১৩০০ অভিবাসীর

পাঁচ মাসে স্পেন পৌঁছানোর চেষ্টায় প্রাণ গেছে ১৩০০ অভিবাসীর

সংগৃহীত

২০২৬ সালের প্রথম পাঁচ মাসে দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টায় আটলান্টিক সাগরে এক হাজার ৩০০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্প্যানিশ এনজিও কামিনান্দো ফ্রন্তেরাস। মৃতের সংখ্যা আগের বছরের একই সময়ে তুলনায় থেকে কম হলেও অধিকার গোষ্ঠীগুলো বলছে, এর পিছনে আরো একটা বাস্তবতা লুকিয়ে রয়েছে।

কামিনান্দো ফ্রন্তেরাস এনজিও জানিয়েছে, চলতি বছর এখনো পর্যন্ত স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে এক হাজার ৩১৭ জন মারা গিয়েছেন। এর মধ্যে রয়েছে ১৪২ জন নারী এবং ১২৯ জন শিশু। চলতি বছরের প্রথম পাঁচ মাসে যে ২৭টি নৌকা ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাত্রা করেছিল এবং সেগুলোর কোনো খোঁজ মিলছে না। ফলে সেই নৌকার আরোহীদেরও নিহত বলে ধারণা করা হচ্ছে৷ 

২০২৫ সালে এই রুটে স্পেনের দ্বীপপুঞ্জে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মোট তিন হাজার ৯০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার কথা জানায় এনজিওটি। ২০২৪ সালে আটলান্টিক মহাসাগরের পথে এই অভিবাসন রুটে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল।

কামিনান্দো ফ্রন্তেরাসের মৃতের সংখ্যা সংক্রান্ত তথ্য স্পেনের কর্তৃপক্ষের অফিসিয়াল তথ্যের চেয়ে বেশি। মৃতদের পরিবার ও বেঁচে যাওয়া লোকদের সাক্ষ্যের ভিত্তিতে কথা বলে তথ্য জানিয়েছে এনজিওটি। তাদের হিসাবের মধ্যে নিশ্চিত এবং অনুমান করা হচ্ছে, এমন দুই রকমের মৃতের সংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।

এনজিওটির ধারণা, কোনো নির্দিষ্ট বছরের জন্য তারা যে মৃতের সংখ্যা প্রকাশ করে। বাস্তবে সংখ্যাটা সম্ভবত অনেক বেশি, কারণ অনেক ছোটো অভিবাসী নৌকা রাডার সিস্টেমে ধরা পড়ার আগেই নিখোঁজ হয় বা তলিয়ে যায়।